টানা প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে শ্রীলঙ্কাজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এ পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৩০ জন নিখোঁজ রয়েছেন।
টানা সপ্তাহজুড়ে বৃষ্টিতে ৪৪ হাজারের বেশি মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টার ও নৌবাহিনীর নৌকা ব্যবহার করে গাছের মগডাল, বাড়ির ছাদ ও বিচ্ছিন্ন গ্রাম থেকে উদ্ধার চলছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যাঞ্চলে ভূমিধসে বহু প্রাণহানি হয়েছে। কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে। কেলানি নদীর পানি উপচে রাজধানী কলম্বোর আশপাশেও পানি ঢুকে পড়েছে।
বন্যা ও কাদার ধসে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, এবং ১৮ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়ে রয়েছে। বিমান চলাচল ও রেল যোগাযোগও ব্যাহত হয়েছে।
ডিএমসি আশঙ্কা করছে, এ বন্যা ২০১৬ সালের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। আগামী দিনগুলোতেও আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা।
স্টাফ রিপোর্টার 
















