নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি শুরু হয়, যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান রয়েছে। কর্মসূচিতে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে ছাত্রদল চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ, উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিল, ইউজিসির নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে প্রকাশিত সব নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্যে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ কার্যক্রম মেধার চরম অবমূল্যায়ন ও স্বজনপ্রীতির নজির স্থাপন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের পেছনে ফেলে উপ-উপাচার্যের কন্যাকে নিয়োগ দেওয়া হয়েছে। অবৈধ সব নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছিল।
স্টাফ রিপোর্টার 















