বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইমপাওয়ারিং ভালনারেবল এন্ড অরফ্যান্ড গার্লস বাই লিভারেজিং এডুকেশন (ইভলব) প্রকল্পের উদ্যোগে রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়ের অসহায়, এতিম মেয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে শিক্ষা উপকরণ কর্মসুচি উদযাপন করা হয়েছে ।
গতকাল বিদ্যালয়ের কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধেশ রঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য রেনু মিয়া, রিপন ভট্টাচার্য সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন প্রক্ল্প কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ ১৯৯১ সাল থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর এতিম ও অসহায় শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণসহ তাদের পরিবারের আর্থ—সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০০জন এতিম ও অসহায় মেয়ে শিক্ষার্থীদের বিকাশের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে জন ইভলব (EVOLVE)” নামক একটি প্রকল্প হাতে নিয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া এ প্রকল্পটির প্রধান উদ্দেশ্য হলো মাধ্যমিক শিক্ষায় মেয়ে শিক্ষার্থীদের সুযোগবৃদ্ধিসহ তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বাল্য বিবাহ প্রতিরোধে অবদান রাখা। এই লক্ষ্য অর্জনে প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়,পরিবার, কমিউনিটি ও শিক্ষার্থী পর্যায়ে আইসিটি ল্যাব উন্নয়ন, মিনি লাইব্রেরী স্থাপন, আয়বৃদ্ধিমূলক কার্যক্রমে সহায়তা, উপবৃত্তি প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে আজ প্রকল্পের আওতায় রাজানগর কেসিপি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও বিদ্যালয় সহায়ক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ করেছি, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দাবা খেলার সেট, ফুটবল, ভলি বল, লুডু বোর্ড, স্কিপিংম রোপ এবং ক্রিকেট ব্যাট প্রদান করা হয়। একই সাথে ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্দেশ্যে বিদ্যালয়ে একটি ডেস্কটুপ কম্পিউটার সেট হস্তান্তর করা হয়।এতিম অসহায় মেয়ে শিক্ষার্থীর শিক্ষার পথ সুগম করাই এ প্রকল্পের মুল লক্ষ্য।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 

















