সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ । এ বিষয়ে পক্ষে-বিপক্ষে অংশ নেওয়া বিতার্কিকরা তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ যুক্তি উপস্থাপন করেন। তাদের যুক্তিনির্ভর বক্তব্য ও গঠনমূলক আলোচনা উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকদের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে দুর্নীতির বিস্তার রোধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগও সমানভাবে জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম জিলানী, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আবুল বাসার।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেট এর সহযোগিতায় এবং মধ্যনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















