সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মো. উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। বর্তমানে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাবর পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বল হোসেন জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ জানান, সকাল আনুমানিক ৮টার দিকে ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা ঘটনাস্থলে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শান্তিগঞ্জ প্রতিনিধি: আলাল হোসেন 


















