সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবা টেবলেট সেবনের দায়ে দু’জনকে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৬ আগস্ট) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া ও ঘিলাতলী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
এতে ডালিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে মো. শাহা আলম (৪৫)কে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর আরেক অভিযানে ঘিলাতলী গ্রামের ইশাদ মিয়ার ছেলে মো. আব্দুল কাদির (২৯)-এর কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 


















