জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের হাছন রাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, কবি ও প্রাবন্ধিক সুখেন্দু সেন এবং সংগীতশিল্পী ছানা গোপাল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেশিএ, সুনামগঞ্জের প্রশিক্ষক সৌরভ অধিকারী অয়ন।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্যকর্ম বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত। নতুন প্রজন্মের মাঝে নজরুলের জীবন ও কর্মের চর্চা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা পর্ব শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে নজরুলের রচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে জেলা প্রশাসন, সুনামগঞ্জ। অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ।
স্টাফ রিপোর্টার: 


















