সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী মিজান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ার পর চিকিৎসকরা সেখানে একটি রিং (স্টেন্ট) স্থাপন করেছেন।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক এডমিন পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, রিং স্থাপনের পর বর্তমানে মিজান চৌধুরীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তিনি রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এনজিওগ্রামে তাঁর হৃদপিণ্ডে একটি ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকরা দ্রুত সেখানে রিং (স্টেন্ট) স্থাপন করেন।
এডমিন পোস্টে আরও জানানো হয়, তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
পোস্টে আশাবাদ ব্যক্ত করা হয়, তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন—ইনশাআল্লাহ।
নিজস্ব প্রতিবেদক: 













