নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ, যৌতুক, জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ১ টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জনি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে। অন্যদিকে মাদক ও জুয়া সমাজ ও পরিবারে অপরাধ এবং অস্থিরতা বাড়ায়।” তরুণ প্রজন্মকে এসব সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন শাহিন (পিপিএম), মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার (টিটু), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ আওয়াল মিসবাহ, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।
এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু তাহের এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 













