সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নরসিংপুর এজেন্ট শাখা থেকে গ্রাহকদের জমাকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে ভুক্তভোগী গ্রাহক ও এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার নরসিংপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং আব্দুর রশিদ ও মখলিসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজসেবক ও রাজনীতিবিদ আলতাফুর রহমান খসরু, সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, সমাজসেবক ইব্রাহিম আলী, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান ও ইশ্রাঈল আলী।
এছাড়া সমাজসেবক নুর আলী ইমরান, নাওশাদ জামিল, আব্দুর রউফ, ফখরুল ইসলাম, আব্দুল মতিন, মাহবুবুল হক শামিমসহ একাধিক ভুক্তভোগী একাধিক গ্রাহক বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের নরসিংপুর এজেন্ট শাখায় গ্রাহকদের জমাকৃত বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। তাদের দাবি, এজেন্ট শাখার মালিক ও কর্মচারীদের যোগসাজশে এ ঘটনা ঘটেছে।
এতে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় ব্যাংকটির ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। ভুক্তভোগীদের দাবি, একটি চক্র প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও জানান, প্রায় ১৫ দিন আগে ব্যাংকটিতে ঘটে যাওয়া এ ঘটনা সমাধানের জন্য ইসলামী ব্যাংকের ছাতক শাখা কর্তৃপক্ষ ১৫ দিনের সময়সীমা নিয়েছিল। আগামী বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।
তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসাতের অভিযোগে জড়িতদের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া এবং ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টির সমাধান না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর মধ্যে ইসলামী ব্যাংকের ছাতক শাখা ঘেরাওসহ টাকা উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন বক্তারা।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 

















