সুনামগঞ্জের মধ্যনগরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মধ্যনগর সদর ইউনিয়ন বিটের উদ্যোগে উপজেলার টুকের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মধ্যনগর থানা পুলিশ এ সভার আয়োজন করে।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দীন শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, সামাজিক নানা অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন জরুরি। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও গুজবের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু বলেন, আমাদের এলাকাকে অপরাধমুক্ত রাখতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। যেকোনো অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক অনাচার প্রতিরোধে এক হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















