সন্তানকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে একজন বাবার ওপর হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জে। দিনের বেলায় শহরের জনাকীর্ণ এলাকায় সমাজকর্মী মো. এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার প্রতিবাদে রোববার মানববন্ধন করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং শহরে কিশোর অপরাধ ও বখাটেপনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের আলফাত স্কয়ার এলাকায় সচেতন অভিভাবকবৃন্দ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সুনামগঞ্জ জেলা শাখা ও স্বাস্থ্য অধিকার ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, জনসমাগমপূর্ণ এলাকায় দিনের বেলায় একজন নাগরিকের ওপর হামলার ঘটনা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
নিজের সন্তানকে রক্ষা করতে গিয়ে একজন বাবাকে হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে—এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।তাঁরা বলেন, কিশোর অপরাধ ও বখাটেপনা নিয়ন্ত্রণে শুধু ঘটনার পর আইনগত ব্যবস্থা নিলে হবে না; অপরাধপ্রবণতা ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশের এলাকায় নিয়মিত নজরদারি, পুলিশি টহল এবং অভিভাবক-প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।মানববন্ধনে অংশ নেন অভিভাবক, আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তব্য দেন অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহিন, পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুন, গণঅধিকার পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সওগাত উছমানী চৌধুরী তিমন, সাংবাদিক তছদ্দুক রেজা ইমন ও মো. ফারুক আহমেদসহ অনেকে।বক্তারা শহরের শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও শিক্ষার্থীদের যাতায়াতের পথে নজরদারি বাড়ানোর দাবি জানান। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় পুলিশি টহল জোরদারের পাশাপাশি কিশোর অপরাধে কেউ আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তাঁরা।তাঁদের ভাষ্য, অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে জানানো হয়, এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে শ্রাবণ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার অন্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
গত ১৫ সেপ্টেম্বর বিকেলে শহরের হাছননগর এলাকায় এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার অভিযোগ ওঠে। তাঁকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।কিশোর অপরাধ ও বখাটেপনা নিয়ন্ত্রণে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে শহরের অভিভাবকদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।
বক্তারা বলেন, শহরের শিশু-কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার: 


















