মরমি সাধক ফকির লালন সাঁই-এর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সুনামগঞ্জে লালন স্মরণানুষ্ঠান ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জের হাছনরাজা মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুল হক চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, লোকসংস্কৃতি গবেষক মোহাম্মদ সুবাস উদ্দিন, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ ইনার উদ্দিন ফাহিম, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্মরণানুষ্ঠানে মরমি সাধক লালন সাঁইয়ের জীবন, দর্শন ও লোকসংগীতে তাঁর অবদান স্মরণ করা হয়। তাঁর মানবতাবাদী দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
স্টাফ রিপোর্টার: 

















