
নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল থেকে টানা তিনদিনের অবরোধ কর্মসূচী সফল করতে সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলাদা আলাদা ঝটিকা মিছিল করেছে।
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা,নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার এবং বাড়ি বাড়ি পুলিশি তল্লাশী,হয়রানির প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে তিনদিনের অবরোধ কর্মসূচী সফল করার লক্ষ্যে সুনামগঞ্জে তিনটি পয়েন্ট থেকে পৃথক পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার ( ৩০ অক্টোবর ) সন্ধ্যায় স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করে আলফাত স্কয়ারের ( ট্রাফিক পয়েন্টে) দিকে যেতে চাইলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মিছিলটি আটকে দেয়। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন,সহ সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মো. আবুল কালাম, জেলা বিএনপির সহসভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত,এ্যাডভোকেট শেরেনুর আলী,এ্যাডভোকেট মাসুক আলম,আবুল কালাম,এ্যাডভোকেট মো. আব্দুল হক,হোসেন আহমদ,এ্যাডভোকেট আমিনুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন লালা,সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন,ভোটারবিহীন নিশিরাতের এই অবৈধ সরকার শনিবারে ঢাকায় জাতীয়তাবাদি দল বিএনপির মহাসমাবেশে হামলা,নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাড়ি বাড়ি তল্লাশী,হয়রানি ও নির্যাতন অব্যাহত রেখেছে’।
আওয়ামীলীগের সরকার পুলিশ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের যেভাবে দমন পীড়ন চালাচ্ছে তাতে ও সরকারের শেষ রক্ষা হবে না বলে হুশিয়ারী দেন বক্তারা। আগামীকাল ৩১ অক্টোবর মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিনব্যাপী সড়ক নৌ ও রেলপথে অবরোধ সফল করতে সুনামগঞ্জবাসীসহ দেশবাসীর প্রতি আহবান জানান তারা।
অন্যদিকে একেই সময়ে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের স্থানীয় পশ্চিম বাজার থেকে ঝটিকা মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে এসে শেষ করেন। একেই সাথে কাজীর পয়েন্ট থেকে জেলা ছাত্রদলের আয়োজনেও মিছিল হয়েছে তারা পৌর মার্কেটে এসে মিছিল শেষ করেন।
স্টাফ রিপোর্টার 









