কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলার শিকার তেলবাহী ট্যাংকার এমটি কায়রোস–এর চার বাংলাদেশি নাবিককে তুর্কি কোস্টগার্ড উদ্ধার করেছে। বর্তমানে তারা তুরস্কের ইজমিটের একটি হোটেলে নিরাপদে আছেন এবং আইনি প্রক্রিয়া শেষ হলেই দ্রুত দেশে ফিরতে চান।
উদ্ধার হওয়া নাবিকরা হলেন—মাহফুজুল ইসলাম প্লাবন, আল-আমিন, হাবিবুর রহমান ও আজগর হোসেন। ফোর্থ ইঞ্জিনিয়ার প্লাবন জানান, জাহাজে পরপর দুটি ড্রোন আঘাত করলে বিস্ফোরণ ও আগুন লাগে। লাইফবোট ধ্বংস হয়ে যাওয়ায় বাঁচার উপায় ছিল না, পরে দুই ঘণ্টা পর তুর্কি উদ্ধারকারী জাহাজ এসে তাদের উদ্ধার করে।
জাহাজটি মিসরের সুয়েজ থেকে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরে যাচ্ছিল। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এটি রাশিয়ার নিষেধাজ্ঞা–এড়ানো ‘শ্যাডো ফ্লিট’-এর অংশ।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানায়, নাবিকদের সহায়তায় আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন ও তুর্কি কোস্টগার্ড সহযোগিতা করছে।
স্টাফ রিপোর্টার 



















