নানা আয়োজনে ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ঢাকার তেজগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ। ১৯৫০ সালের ১ নভেম্বর মাত্র ৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এ কলেজে বর্তমানে অধ্যয়ন করছে প্রায় ২ হাজার ৮০০ শিক্ষার্থী।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরু হয় অধ্যক্ষের কক্ষে আশীর্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর র্যালি, বেলুন ও কবুতর উড়িয়ে ৭৬তম বর্ষে পদার্পণ উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।
পরিচালনা পর্ষদের সভাপতি আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, “৭৫ বছরে হলি ক্রস কলেজ নারীশিক্ষায় অনন্য ভূমিকা রেখেছে। আমরা মূল্যবোধ ও নীতিবোধকে গুরুত্ব দিয়ে শিক্ষা দিচ্ছি।”
অধ্যক্ষ সিস্টার শিখা লেটিসিয়া গোমেজ বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষিত নয়, মূল্যবোধসম্পন্ন ও মর্যাদাবান নারী গড়ে তোলা।”
অডিটরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় কলেজের গান, থিম সং ও দলীয় সংগীত। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্টাফ রিপোর্টার 
























