ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। জেনেভায় ইউক্রেনের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সেনাসচিব ড্যান ড্রিসকল। পূর্বঘোষণা ছাড়া হওয়া এই বৈঠকের লক্ষ্য—ট্রাম্পের শান্তি পরিকল্পনায় মস্কো ও কিয়েভকে রাজি করানো।
রয়টার্স জানায়, আলোচনার বিস্তারিত বা রাশিয়ার পক্ষ থেকে কারা অংশ নিয়েছেন—তা স্পষ্ট নয়। ড্যান ড্রিসকল আবুধাবিতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। যুক্তরাষ্ট্র চাইছে উভয় পক্ষকে একই টেবিলে এনে আলোচনার অগ্রগতি নিশ্চিত করতে।
ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে বিতর্কের পর জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনাটি ১৯ দফায় আনা হয়েছে। রাশিয়া মূল পরিকল্পনাকে স্বাগত জানালেও সংশোধন হলে ট্রাম্প–পুতিনের আলাস্কা বৈঠকের ‘চেতনা’ বজায় রাখার কথা জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
সংশোধিত পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর শান্তির নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে আলোচনা চলার মধ্যেই দুই দেশ রাতভর তীব্র হামলা চালিয়েছে। রাশিয়ার হামলায় কিয়েভে ছয়জন এবং ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে তিনজন নিহত হয়েছেন। ইউক্রেন জানায়, তাদের ওপর ২২টি ক্ষেপণাস্ত্র ও ৪৬০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী।
স্টাফ রিপোর্টার 

















