স্পেনের ক্লাসিকো প্রতিদ্বন্দ্বিতা আবারও তেতে উঠেছে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা দৃঢ়ভাবে জানিয়েছেন, বার্সেলোনা কখনো কোনো রেফারিকে ঘুষ দেয়নি। অ্যান্ডোরায় একটি অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সাম্প্রতিক অভিযোগের কড়া জবাব দেন তিনি।
পেরেজ সম্প্রতি দাবি করেছিলেন, বার্সার দেওয়া অর্থ নেগ্রেইরা–মামলায় ‘অস্বাভাবিক’, এবং এতে রিয়ালের বিপক্ষে রেফারিরা পক্ষপাত দেখিয়েছিল। লাপোর্তা পাল্টা বলেন, নেগ্রেইরাকে দেওয়া অর্থ ছিল কেবল পরামর্শ ও প্রযুক্তিগত মূল্যায়ন সেবার জন্য, ম্যাচ কর্মকর্তাদের প্রভাবিত করার জন্য নয়।
লাপোর্তার অভিযোগ, রিয়াল বার্সাকে অযথা আলোচনার কেন্দ্রে টেনে এনে ইস্যুটিকে দীর্ঘায়িত করছে। তিনি আরও দাবি করেন, এলচের বিপক্ষে রিয়ালের সর্বশেষ ম্যাচে তাদের দুইটি গোলই বাতিল হওয়ার মতো ঘটনা ছিল—একটি বেলিংহ্যামের সম্ভাব্য হ্যান্ডবলে, আরেকটি ভিনিসিয়ুসের গোলরক্ষকের ওপর ফাউলে।
২০০৪–২০১৫ সালে বার্সার সাফল্যের প্রতি রিয়ালের অস্বস্তি থেকেই এই বিতর্কের জন্ম—এমন মন্তব্যও করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, লা লিগা সভাপতি তেবাসকে সরাতে রিয়াল যে চেষ্টা করছে, তা স্প্যানিশ ফুটবলের জন্য ভালো সংকেত নয়।
স্টাফ রিপোর্টার 
























