আসন্ন আইসিসি অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। দলটির নেতৃত্ব দেবেন পেসার অলি রাইলি, আর তাঁর সহকারী হবেন রিউবেন উইলসন, যিনি তৃতীয়বারের মতো অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।
আয়ারল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল:
অলি রাইলি (ক্যাপ্টেন), রিউবেন উইলসন (সহ–অধিনায়ক), অ্যালেক্স আর্মস্ট্রং, ক্যালাম আর্মস্ট্রং, মার্কো বেটস, সেবাস্টিয়ান ডিকস্ট্রা, থমাস ফোর্ড, স্যামুয়েল হ্যাসলেট, অ্যাডাম লেকি, ফেবিন মানোজ, লুক মারে, রবার্ট ও’ব্রায়েন, ফ্রেডি ওগিলবি, জেমস ওয়েস্ট, ব্রুস হোয়ালি। রিজার্ভ: পিটার লে রুক্স, উইলিয়াম শিল্ডস
২০২৪ সালের আসরে অষ্টম হয়ে শেষ করায় সরাসরি ১৬ দলের মূলপর্বে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড।
দলের প্রধান কোচ পিটার জনস্টন বলেন, আগের আসরের পারফরম্যান্স তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
তিনি বলেন, “আমরা অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি দৃঢ় আত্মবিশ্বাস ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। ২০২২ সালে ১০ম এবং ২০২৪ সালে ৮ম হয়ে শেষ করা আমাদের দেখিয়েছে—আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।”
সেপ্টেম্বর থেকে দলের পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রম দেখে তিনি সন্তুষ্ট। জনস্টন আরও জানান, জর্জ ডকরেল, স্টুয়ার্ট থম্পসন, গ্যারেথ ডেলানি ও লরকান টাকারসহ সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটারদের দিকনির্দেশনা তরুণদের প্রস্তুতিতে বড় ভূমিকা রেখেছে।
আয়ারল্যান্ড তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৬ জানুয়ারি, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ–এ এর অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জাপান।
স্টাফ রিপোর্টার 
























