“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”— এই মর্মস্পর্শী স্লোগানকে ধারণ করে বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট, বিভাগীয় জোন–৩ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ইউনিটের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী, বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান–২০২৫। দিনব্যাপী আয়োজনে অতিথি, শিক্ষক ও সংগঠনের কর্মীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর মো. মাহবুবুর রহমান, অধ্যক্ষ, সুনামগঞ্জ সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রকিব, সম্পাদক, শিক্ষক পরিষদ, সুনামগঞ্জ সরকারি কলেজ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু তাহের হিরন, সভাপতি, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট।
উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেওয়া বাঁধনের কর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান প্রদর্শনের মাধ্যমে মানবসেবার অঙ্গীকারকে প্রকাশ করেন।
র্যালি শেষে কলেজ অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে বাঁধনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পরবর্তী সময়ে ইউনিটের অস্থায়ী অফিসে আরেকটি ক্ষুদ্র আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অতিথিরা সংগঠনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন পরামর্শ দেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া ইউনিটের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে দায়িত্ব হস্তান্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজনে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে মানবসেবাকে আরও শক্তিশালী ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার 

















