ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ২০২৫–এর মিনি নিলামের জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তারা হলেন – মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। তবে চূড়ান্ত তালিকায় নেই সাকিব আল হাসান।
মোট ১৩৯০ জনের মধ্য থেকে ৩৫০ জন খেলোয়াড়কে নিলামের জন্য বাছাই করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবারের নিলাম আবুধাবিতে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজ রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়। রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি—জাতীয় দলে না খেললেও তাঁর নামটি নিয়ে বিস্ময় আছে।
চূড়ান্ত ৩৫০ জন ক্রিকেটারে মধ্যে ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে সর্বোচ্চ ৭৭ জনকে দলে নিতে পারবেন ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে ৩২টি জায়গা বিদেশিদের জন্য নির্ধারিত আছে। এবার সর্বোচ্চ বাজেট কলকাতা নাইট রাইডার্সের—৬৪.৩০ কোটি রুপি।
ক্রিকেট বোদ্ধাদের ধারণা, এই নিলামে সবচেয়ে দাম হাকানো হতে পারে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এর জন্য।
স্টাফ রিপোর্টার 
























