সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে আজ থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী সিলেট রেঞ্জ পুলিশ আন্তঃচ্যাম্পিয়নশিপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বেলা সাড়ে ১২টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সুনামগঞ্জ পুলিশ সুপারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।
উদ্বোধনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও দলগত চেতনা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরবর্তীতে তিনি অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে সিলেট রেঞ্জের পাঁচটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে সুনামগঞ্জ জেলা পুলিশ টিমের মুখোমুখি হয় হবিগঞ্জ জেলা পুলিশ টিম।
স্টাফ রিপোর্টার 















