কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত ৬৪০ জন শিক্ষককে এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত নোটিশ জারি করা হতে পারে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ইতোমধ্যে ৬৪০ জন শিক্ষকের এমপিওভুক্তির ফাইল প্রস্তুত রয়েছে। তবে এখনো কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর সম্পন্ন হয়নি। স্বাক্ষর শেষে ফাইলটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত অনেক শিক্ষক সদ্য প্রকাশিত সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করছেন। এতে করে নতুন নিবন্ধনধারী প্রার্থীরা চাকরির সুপারিশ থেকে বঞ্চিত হতে পারেন বলে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমপিওবঞ্চিত এক শিক্ষক জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়ার পরও দীর্ঘদিন এমপিওভুক্ত হতে না পারায় তিনি সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, বাড়ির কাছের একটি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকায় নতুন করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্টরা দ্রুত এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষকরা অনিশ্চয়তা থেকে মুক্তি পান।
স্টাফ রিপোর্টার 














