দেশের সব সরকারি আলিয়া মাদ্রাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে সরকার। নতুন শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী বছর মাদ্রাসাগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শিক্ষাপঞ্জি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মাদ্রাসা প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৬ সালের পরীক্ষার সময়সূচি
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন স্তরের পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
ইবতেদায়ি ও দাখিল স্তরের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) থেকে ১৫ জুলাই (রবিবার) পর্যন্ত।
দাখিল নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর (রবিবার) থেকে ১০ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।
এ ছাড়া বার্ষিক ও আলিম নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।
ক্লাস বন্ধ ও সংবর্ধনা নিয়ে নতুন বিধিনিষেধ
ছুটির তালিকার পাশাপাশি শিক্ষার পরিবেশ সুরক্ষায় মাদ্রাসা পরিচালনায় বেশ কিছু নতুন নিয়ম ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা অতিথির পরিদর্শন কিংবা সংবর্ধনার অজুহাতে মাদ্রাসা ছুটি দেওয়া বা শ্রেণি কার্যক্রম বন্ধ করা যাবে না। একই সঙ্গে সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির সম্মানে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ।
২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে ক্লাস বন্ধ থাকবে। তবে এসব দিবস যথাযথ মর্যাদায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উদযাপন করতে হবে।
ছুটি ও পাঠদানের বিষয়ে নির্দেশনা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটিগুলো বার্ষিক ৭০ দিনের ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। ছুটিকালে ভর্তি পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রয়োজনে মাদ্রাসা খোলা রাখতে হবে।
যেসব মাদ্রাসায় পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকবে, সেখানে বিকল্প ব্যবস্থায় শ্রেণি কার্যক্রম চালু রাখতে হবে। কোনো অবস্থাতেই পাঠদান বন্ধ করা যাবে না। সংরক্ষিত ছুটি গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাদ্রাসাকে অবশ্যই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করতে হবে।
সপ্তাহে দুই দিন ছুটি থাকায় নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে যথাযথ পাঠপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনে শনিবার (জাতীয় দিবস ব্যতীত) বিশেষ বা অতিরিক্ত ক্লাস নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ তার নির্দেশনায় দেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসাসহ সব স্তরের বেসরকারি মাদ্রাসাকে এই শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
স্টাফ রিপোর্টার 














