কোরবানির ঈদকে সামনে রেখে দুটি নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশ করে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে ব্যান্ডটি। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে প্রকাশ পেয়েছে তাদের নতুন গান ‘ছায়া’।
‘ছায়া’ হলো অ্যাশেজের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘বিভ্রম’-এর ষষ্ঠ গান। রাত সাড়ে ৯টার দিকে ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
গানটির কথায় উঠে এসেছে স্মৃতি, অপেক্ষা ও অনুভূতির আবহ। গানের একটি অংশে বলা হয়েছে— “ফুলের ডগায় বৃষ্টির ফোঁটা লেগে আছে, যেন এখনই এসেছিল কেউ/ একটু ডাকলে তাকাবে পেছনে, ছায়ার মতো আছে দাঁড়িয়ে।”
অ্যাশেজের আগের গানগুলোর মতো এবারও গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। আর গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ব্যান্ডের সদস্য সুলতান রাফসান খান।
নতুন গান প্রকাশের পাশাপাশি সামনে আরও দুটি গানের ঘোষণাও দিয়েছে ব্যান্ডটি। আগামী আগস্টের মাঝামাঝি প্রকাশ পাবে ‘বিলবোর্ডের নিচে’ এবং আগস্টের শেষ সপ্তাহে আসবে ‘ঝড়ে লণ্ডভণ্ড’। এই দুটি গান প্রকাশের মধ্য দিয়েই শেষ হবে ‘বিভ্রম’ অ্যালবামের প্রকাশনা।
তবে ‘বিভ্রম’ শেষ হলেও থেমে থাকছে না অ্যাশেজ। ব্যান্ডটি জানিয়েছে, এরপরই শুরু হবে তাদের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘ডানাহীন পাখি’-এর গান প্রকাশ। নতুন এই অ্যালবামে থাকছে মোট ৯টি গান।
উল্লেখ্য, প্রায় দুই দশকের পথচলায় অ্যাশেজ ২০১৪ সালে প্রকাশ করে তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘ছারপোকা’। এরপর একের পর এক জনপ্রিয় গান দিয়ে দেশের তরুণ শ্রোতাদের কাছে অন্যতম প্রিয় ব্যান্ড হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে তারা।
বিনোদন ডেস্ক: 
















