সুনামগঞ্জের মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস (২০২৬) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) উপজেলার ইছামারী আরসি স্কুল প্রাঙ্গণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA) মধ্যনগর শাখা, মঙ্গলদীপ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, বাংলাদেশ হাজং জাতীয় সংগঠন ও নাগ্রীমা আদিবাসী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্য ছিল আদিবাসী ধাত্রীদের সম্মাননা: জীবন ও সুস্থতা সুরক্ষায় অগ্রণী অবদান।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে ইছামারী আরসি স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমতলের আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি, মাতৃভাষায় পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা এবং কর্মসংস্থানে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান মধ্যনগর উপজেলা শাখার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত হাজং।
তিনি বলেন, আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সংবিধানে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদানেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA) মধ্যনগর শাখা, মঙ্গলদীপ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, বাংলাদেশ হাজং জাতীয় সংগঠন ও নাগ্রীমা আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মধ্যনগর প্রতিনিধি: জয়নাল আবেদীন জহিরুল 


















