শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে এসব ঔষধ সরবরাহ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছফি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রওশন খান সাগর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় ঔষধের সংকট অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল উদ্দিন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য ললিত মোহন দাস, মাসুক আলী, কুটি মিয়া চৌধুরী, সুমন মিয়া, গোলাম কিবরিয়া, আবুল হাসান, লোভা রানী দাশ, সুহেনা বেগম এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ হুমায়ূন কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে দরগাপাশা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে পরিচালিত ইলেকট্রিক হাউজ ওয়্যারিং কোর্সের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
শান্তিগঞ্জ প্রতিনিধি: আলাল হোসেন 


















