সুনামগঞ্জের দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্তঃমাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় উপজেলার মোট ১১টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট জেলা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার এবং দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম,দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সূর্যসেন দাস, আব্দুন নুর, তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল আজিজ, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার প্রমুখ। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে দিরাই সরকারি উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 


















