জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির সার্বিক ব্যবস্থাপনায়
আজ সোমবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এক জমকালো আয়োজনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ-এর সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ, শেরগুল আহমেদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা শিশু একাডেমি কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন এবং সিলেট বেতারের বিশিষ্ট শিল্পী শামীম সরোয়ারসহ আরও অনেকে।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের ওপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। তারা বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নজরুলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে অংশ নেয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের উৎসাহিত করতে অতিথিবৃন্দ তাদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার: 
















