সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষার্থী, শিক্ষক,জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা, সাম্য ও মানবতার প্রতীক। নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত হতে হবে, তবেই তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত আমাদের সমাজে সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলবিষয়ক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এতে সঙ্গীত পরিবেশনকারী শিক্ষার্থীদেরকে প্রাথমিক ভাবে পুরুষ্কার ও প্রদান করে উপজেলা প্রশাসন।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 
















