সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে স্মরণ ও চর্চার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিরাই উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নরোত্তম রায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী মো. ফাহাদ এবং গীতা পাঠ করেন রত্ন। পরে ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দু রশিদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রশিদ লাভলু, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী নুরুল আজিজ এবং দিরাই উপজেলা জাসাসের আহ্বায়ক ও দিরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার দাস, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন দাস, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রায়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ও মানবিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের কাছে নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 
















