মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মামুন হাওলাদার। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, প্রেস ক্লাবের সভাপতি তাজ উদ্দিন,যুগ্ম আহবায়ক দিলু মিয়া, সাংবাদিক ফুজায়েল আহমেদ প্রমুখ।
এতে বক্তারা বলেন, একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, বর্তমান সময়ে মানুষকে দক্ষ, সচেতন ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় এনে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় নিরক্ষরতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষার আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকেও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
জগন্নাথপুর প্রতিনিধি: গোলাম সারোয়ার 

















