সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে গত নয় মাসে ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের অবৈধ মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই সময়ে অস্ত্র, উচ্চ বিস্ফোরক এবং অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর জব্দের পাশাপাশি ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জে বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষে অভিযানের সার্বিক তথ্য তুলে ধরেন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সরাইল রিজিয়নের আওতাধীন ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের ১৩টি ব্যাটালিয়নের ২১১টি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করা হচ্ছে।
জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানে এসব সাফল্য অর্জিত হয়। অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার জব্দ করা হয়। মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০টি ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০৫ জনকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহ ও সিলেট সীমান্তসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ঠেকাতেও অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালে বিজিবির মানবিক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। বন্যাকবলিত এলাকায় খাবার ও চিকিৎসাসেবা দেওয়া এবং দুর্গম এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার তথ্য জানানো হয়।
পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সিলেট সেক্টরের অধীনে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার কথাও জানানো হয়।
স্টাফ রিপোর্টার: 

















