উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় জেলার শিল্প, কৃষি ও সেবা খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতি ত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, উৎপাদনশীলতা শুধু শিল্পকারখানার উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নয়; কৃষি, সেবা, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির প্রতিটি খাতেই এর কার্যকর প্রয়োগ প্রয়োজন।
সরকারি-বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে আধুনিক প্রযুক্তি ও দক্ষতার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, বিসিক শিল্পনগরী কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কাশেম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) এ. এ. মাসুম বিল্লাহ।
সভায় বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদের সমন্বিত ব্যবহার নিশ্চিত করতে হবে।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা সুনামগঞ্জে জেলাভিত্তিক শিল্পোদ্যোগ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, বিসিক শিল্পনগরীর সম্ভাবনাকে কাজে লাগানো এবং স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মো. সাব্বির হোসেন শাওন, বন অধিদপ্তরের সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, সুনামগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সুনামগঞ্জের সম্ভাবনাময় অর্থনৈতিক খাতগুলোকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।
স্টাফ রিপোর্টার: 










