আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অতিঃ ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন্স) নাছির উদ্দিন আহমেদ জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে পুলিশ লাইন্সের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে নৈপুণ্যের সাথে ‘গার্ড অব অনার’ প্রদান করে।পরবর্তীতে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নাছির উদ্দিন আহমেদ।সভায় আসন্ন দুর্গাপূজা কেন্দ্রিক জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, প্রতিটি পূজামণ্ডপের সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব প্রতিরোধ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সকলেই আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সৌহার্দ্য ও নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনে পুলিশ প্রশাসনের সাথে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: 

















