ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। অধ্যাদেশ জারির পর কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে, তবে তাদের নিজস্ব পরিচয় ও সম্পদের অধিকার অক্ষুণ্ন থাকবে।
নতুন বিশ্ববিদ্যালয়ে আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো থাকবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন কেন্দ্রীয় সময়সূচি ও অভিন্ন নীতিমালায় পরিচালিত হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি, এমফিল–পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক প্রশিক্ষণ, আবাসিক হল, ছাত্র সংসদ ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ রাখা হয়েছে।
সরকারের মতে, এই উদ্যোগ দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করে রাজধানীতে মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণসুবিধা সংক্রান্ত অধ্যাদেশের খসড়াও অনুমোদিত হয়েছে।
স্টাফ রিপোর্টার 









