পৌর শহরের তীব্র যানজট নিরসন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং সার্বিক নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে সুনামগঞ্জ পৌর প্রশাসন।
এর অংশ হিসেবে শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্টের চারপাশ ও কালীবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযানসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, দ-বিধি ও পৌরসভা আইনের আওতায় ১৮টি মামলা দিয়ে ১৮ জনকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক। অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অনিবন্ধিত ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলাচল এবং যানজট সৃষ্টির মতো বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বারবার সতর্ক করার পরও যারা ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে আসছিলেন, তাদের জরিমানা করার পাশাপাশি সড়ক আটকে রাখা মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম জব্দ করা হয়।
পৌর প্রশাসন সূত্র নিশ্চিত করেছে, মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক জানান, যানজট নিরসনে পৌরসভা থেকে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরের ভেতরে চলাচলকারী অনিবন্ধিত ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে জরিমানা করা হচ্ছে এবং সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড অপসারণের কাজ চলছে। এছাড়া চলাচলের পথে বাধা তৈরি করা মাছ, সবজি ও ফলের দোকানগুলো সরিয়ে দেওয়া হচ্ছে।
উচ্ছেদ হওয়া জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয়ে যায়—সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “অভিযান চালানো স্থানগুলোতে যাতে নতুন করে কেউ বসতে না পারে, সেজন্য পৌরসভার পক্ষ থেকে স্থায়ীভাবে কর্মী মোতায়েন থাকবে। সুনামগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পৌর শহর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
পৌর প্রশাসনের কর্মকর্তারা জানান, শহরের স্বাভাবিক যাতায়াত ও সাধারণ মানুষের ফুটপাত ব্যবহারের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তবে শুধু প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়; শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টাফ রিপোর্টার: 
















