দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৫০০ কেজি চাল, নগদ ১০ হাজার টাকা, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকেও প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি তেরাব আলী ও সাধারণ সম্পাদক মো. নাছির।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইউএনও সনজীব সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংসদ সদস্যের নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০০ কেজি চাল, নগদ ১০ হাজার টাকা, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য তালিকা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সংসদ সদস্যও এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী বলেন, জারলিয়া গ্রামের অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংসদ সদস্য নাছির চৌধুরীর নির্দেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সংসদ সদস্যকে সার্বিক পরিস্থিতি জানানো হয়।
তিনি বলেন, সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের পাশে সরকার ও তাঁর নিজের অবস্থানের কথা জানিয়েছেন। একই সঙ্গে পরিবারগুলোকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সরকারি সহায়তার পাশাপাশি ব্র্যাকের দিরাই শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 















