শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্কুল ও কলেজ গুলোতে নেমেছে ধস। উপজেলার ৯ টি ইউনিয়নের একটি ডিগ্রী কলেজ ও ৯ টি স্কুল এন্ড কলেজের মধ্যে মোট ৯ টি প্রতিষ্ঠান হতে পরীক্ষায় অংশগ্রহণ করে একাধিক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও একটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মিতালী উচ্চবিদ্যালয় ও কলেজের সকল পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছে।
উক্ত প্রতিষ্ঠান হতে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২১ শিক্ষার্থীর কেউই পাস করতে পারে নি। এ কারণে প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য শতাংশ।
সুনামগঞ্জ জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক শিক্ষার্থী অভিভাবক আব্দুল কাইয়ুম বলেন, দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাবেই এমন ফলাফল হয়েছে। শিক্ষার মানোন্নয়নে দক্ষ শিক্ষক নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পাঠদানের বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থী অভিভাবক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, উপজেলার অন্যান্য কলেজে ভর্তির সুযোগ না পাওয়া অনেক শিক্ষার্থী শেষ পর্যন্ত উপায় না পেয়ে এই কলেজে ভর্তি হয়েছে। নিয়মিত ক্লাস হয়নি, পাশাপাশি শিক্ষক সংকটও ছিল। এসব কারণে ফলাফলে প্রভাব পড়েছে।
স্থানীয়রা আরো বলেন, দক্ষ শিক্ষকের অভাব, প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদানের চেয়ে বেশি রাজনীতিতে সময় দেওয়া, নিয়মিত পাঠদান না হওয়া এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অনুপস্থিতিসহ বিভিন্ন কারণে এমন ফলাফল হয়েছে।
মিতালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ময়না মিয়া বলেন, এটিই এই স্কুলের এইচএসসি প্রথম ব্যাচ। শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পর এক থেকে দুই মাস ক্লাস করেছে। এরপর তারা আর নিয়মিত ক্লাসে আসে নি। আমরা চেষ্টা করেও তাদের নিয়মিত ক্লাসে আনতে পারি নি। অভিভাবকদের সচেতনতার অভাবেই এমনটা হয়েছে।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 








