আল জাজিরা: আফগানিস্তানের শাসক তালেবানকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ এর তালিকা থেকে বাদ দেয়া হবে কি না তা ভাবছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কথা জানিয়েছেন।
গত বুধবার (২১ মে) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির এক শুনানিতে রুবিও বলেন, ‘আমি মনে করি, এই শ্রেণি বিন্যাস এখন আরও একবার পর্যালোচনার আওতায় রয়েছে।’
২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারে তালেবানের সঙ্গে চুক্তি করেছিলেন ট্রাম্প। লক্ষ্য ছিল, আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটানো। পরে কয়েক মাসের মধ্যে প্রায় চার হাজার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধ অবসানের কাজটি শুরু হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করেছিল। তারা ওই বিশৃঙ্খল সেনা প্রত্যাহার কার্যক্রমের জন্য পরিকল্পনার ঘাটতি ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে সৈন্যসংখ্যা হ্রাসকে দায়ী করে। তালেবানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের করা এক চুক্তির ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজটি ত্বরান্বিত করেছিল যুক্তরাষ্ট্র।
২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত আফগানিস্তানে যুদ্ধ ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে দীর্ঘস্থায়ী এক যুদ্ধ, যা ভিয়েতনাম যুদ্ধকেও ছাড়িয়ে গেছে।
স্টাফ রিপোর্টার 




















