সমাজ বার্তা ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রতি মাসে ৭০ কোটি টাকা সুদ পরিশোধ করতে গিয়ে মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। এই সংকট উত্তরণে ও শেয়ারবাজারে পুনরায় বিনিয়োগ সক্ষমতা ফিরে পেতে আইসিবি সরকারের কাছে একটি বিশেষ তহবিল চেয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তহবিলের প্রস্তাব উপস্থাপন করে আইসিবি প্রতিনিধি দল। বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আইসিবি জানায়, পূর্ববর্তী সরকারের সময় বিএসইসি ও বিভিন্ন সংস্থার উৎসাহে উচ্চ সুদে ঋণ নিয়ে শেয়ারে বিনিয়োগ করতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি, যার ফলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার লোকসান হয়েছে। বর্তমানে ১০ হাজার কোটি টাকারও বেশি ঋণের বোঝা বইতে হচ্ছে।
প্রতিষ্ঠানটি চায়, একটি নিরপেক্ষ ম্যানেজমেন্ট কমিটির তত্ত্বাবধানে সরকারের অর্থায়নে বিশেষ তহবিল গঠন করা হোক, যার মাধ্যমে বাজার পরিস্থিতি অনুযায়ী বিনিয়োগ ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা যাবে।
আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ জানান, প্রাথমিক পর্যায়ে আলোচনা হলেও সরকার অনুমোদন দিলে এই তহবিল বাজার স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্টাফ রিপোর্টার 








