বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বৈঠকের পর আজ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
একটি এমওইউ স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত, যেখানে বাংলাদেশ স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় সই করে। অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগসেবার বাণিজ্য নিয়ে, যা দুই দেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সই করে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। এর আগে তেজগাঁওয়ে একান্ত বৈঠক ও আনুষ্ঠানিক আলোচনা হয়।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে সকালে ড্রুকএয়ারে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান এবং সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
দিনের মধ্যে তিনি বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।
ছবি কৃতজ্ঞতাঃ প্রধান উপদেষ্টার প্রেস উইং
স্টাফ রিপোর্টার 








