বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লোন ও গবেষণা সহায়তা কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন, শিক্ষক প্রতিনিধি ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। ইউজিসির প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী নিয়ে আয়োজিত এক যৌথ বৈঠকে ৮৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এ দাবি জানান।
বৈঠকে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি ও ভ্যাট-কর পরিশোধ করলেও কোনো সরকারি স্কলারশিপ, ঋণ বা গবেষণা সহায়তা পান না, যা বৈষম্যমূলক। পাশাপাশি ইউজিসির দীর্ঘসূত্রতা ও নীতিগত অনিশ্চয়তায় শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এ সময় শিক্ষার্থী উন্নয়নে সহযোগিতামূলক নীতি গ্রহণ, শিল্প–শিক্ষা সংযোগ জোরদার, ভ্যাট ও কর পুনর্বিবেচনা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক উচ্চশিক্ষা কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার 









