রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে তিনদিনব্যাপী মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মৎস্যপক্ষের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিরাইয়ের বিস্তীর্ণ হাওর ও জলাশয়কে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাছ উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে।
এ খাতকে আরও সমৃদ্ধ করতে মৎস্যচাষিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলাশয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল কাজে লাগিয়ে মৎস্যচাষিরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
মাছের উৎপাদন বাড়ানোর মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। পরে সফল মৎস্যচাষি হিসেবে তারিফ উদ্দিন চৌধুরী, আহমদ আলী সরদার ও ফয়সাল আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
দিরাই প্রতিনিধি: সৈদুর রহমান তালুকদার 


















