শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ ও খেলাধুলায় উৎসাহিত করতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর উদ্বোধন করেছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূল উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা হবে। একই সঙ্গে তাদের প্রতিভা বিকাশ, খেলাধুলায় আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াকে ভবিষ্যৎ পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্মাআহ্বায়ক আব্দুল মানিক মাষ্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, সদর ইউপি সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্মসম্পাদক সোহেল মিয়া। এসময় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 
















