সমাজ বার্তা ডেস্ক: আজ বুধবার ২১ মে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসন সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সিলেট -সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইকবালনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. মোহাইমিনুল হক। অভিযানকালে উপস্থিত ছিলেন বিআরটিএ, সুনামগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কর্মচারীরা।
অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লংঘন করায় ০৪টি পরিবহন থেকে ০৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ৩৫০০/- (তিন হাজার পাঁচশত ) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে সুনামগঞ্জ জেলার একদল চৌকস পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে শব্দ দূষণ বিরোধী ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার বন্ধে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান অব্যাহত থাকবে।
সুত্রঃ সুনাগঞ্জ জেলা প্রশাসন, মিডিয়া সেল।
স্টাফ রিপোর্টার 



















