প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একমাত্র এজেন্ডা হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। তিনি বলেন, নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইনের শাসন, আর যে চ্যালেঞ্জই আসুক কমিশন প্রতিশ্রুতি রক্ষা করবে।
শনিবার রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের কর্মশালায় এসব কথা বলেন সিইসি। তিনি জানান, সরকার ও রাজনৈতিক দলগুলোও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, যা কমিশনের জন্য সহায়ক।
সিইসি বলেন, মাঠপর্যায়ে সব প্রস্তুতি চলছে এবং নির্বাচনের সময় কমিশন পুরোপুরি প্রস্তুত থাকবে। তিনি আরও জানান, পর্যবেক্ষক ও সাংবাদিকরাই নির্বাচনে ‘সিসি ক্যামেরা’ হিসেবে ভূমিকা রাখবে।
গণভোট বিষয়ে তিনি বলেন, আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত ব্যালটের ভাষা নির্ধারিত নয়। আগামী সপ্তাহেই রেফারেন্ডাম আইন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গণভোট কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হলেও সফলভাবে আয়োজনের প্রস্তুতি চলছে।
প্রবাসী ভোটারদের জন্য আইটি–সমর্থিত ডাক ভোট ব্যবস্থার কাজ এগিয়ে চলেছে বলেও জানান সিইসি। তবে এআই–নির্ভর অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদের চিঠি অনুযায়ী গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। আইন চূড়ান্ত হলে পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 
























