ধর্মপাশায় শিয়ালের কামুড়ে এক রাতেই অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে শিশু, কিশোর, যুবক, নারী ও বৃদ্ধ রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার একাধিক গ্রামে এ ঘটনা ঘটে।
আকস্মিক এ হামলায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালের কামড়ে হলিদাকান্দা, নোয়াবন্দ, ফাতেমানগর, কামলাবাজ, ধর্মপাশা গ্রামে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বিভিন্ন বয়সের অন্তত ১৫ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ১৩ জন চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভ্যাকসিন দেয়ার পর বাড়ি পাঠানো হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শনিবার সকালে আরও দুইজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।
তাদেরও প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবির সরকার বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৫ জন শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন শিয়াল বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়কে কখনোই সাধারণ ঘটনা হিসেবে নেওয়া উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে নিকটস্থ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসতে হবে।
ধর্মপাশা প্রতিনিধি: 











