বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জের প্রত্যয় স্কুলে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। এতে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক রিলিফের প্রতিনিধিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিকভাবে হাত ধোয়ার বিভিন্ন ধাপ প্রদর্শন করা হয়। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং রোগজীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকতে সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই এ অভ্যাসে অভ্যস্ত করে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, হাত ধোয়ার মতো একটি সাধারণ অভ্যাস অনেক রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি শিশুদের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: 


















