করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে প্রথমে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান এবং উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।
বক্তব্যে ইউএনও মিজ ফাতেমা জান্নাত বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
বিশেষ অতিথি’র বক্তব্যরাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল সমবায় সমিতির সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দোয়ারাবাজার প্রতিনিধি: সোহেল মিয়া 

















